Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে ৫ লাখ টাকার মাছের রেণু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৫:৩৮

পিরোজপুর: পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ ফাইসা ও বাটা মাছের রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় সাতজন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযানকে অনুসরণ করে নেছারাবাদ কোস্ট গার্ডের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নৌযান থেকে প্রায় ১৩ মণ (প্রায় ২ লাখ ৫০ হাজার পিস) ফাইসা ও বাটা মাছের রেণু জব্দ করা হয়। জব্দকৃত রেণুর বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন—দাকোপা গ্রামের অহিদুজ্জামানের ছেলে মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান (২৮), পাইকগাছা দেলুটি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মুস্তাঈন (৩৫), দাকোপা গড়খালী বটবুনিয়া গ্রামের ইদ্রিস গাজীর ছেলে মো. জাকির গাজী (৪১), গড়খালী গ্রামের মোকসেদ সরদারের ছেলে মো. সিরাজ সরদার (৫৮), পাইকপাড়া দেলুটি গ্রামের শুকুর আলী শেখের ছেলে মো. তুহিন শেখ (২৬) এবং একই এলাকার হাফিজুল ইসলামের ছেলে মো. পলাশ (৪০)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

নেছারাবাদ কোস্ট গার্ডের পেটি অফিসার শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দ করা মাছের রেণু জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো