Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীমান্তের ওপার থেকে উদ্ধার গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:২৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:২৯

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তের ওপারে নদী থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক তসিকুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারত।

গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে ওই মরদেহ ফেরত দেওয়া হয়। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে তারা জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে বাংলাদেশের পুলিশের কাছে তসিকুলের মরদেহ হস্তান্তর করে ভারতের পুলিশ। এর আগে রাত সাড়ে ৭টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের পক্ষে সুকমল চন্দ্র দেবনাথ মরদেহ গ্রহণ করেন। তিনি বলেন, তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। রাতেই পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের ভাগিরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। তসিকুল বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। তবে সেখানে কার গুলিতে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেনি বিজিবি।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর