Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে জ্বালানি তেলের বিক্রি সীমিত পর্যায়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ২১:০৬

পেট্রোল পাম্পে ভিড় চালকদের।

রাজবাড়ী: জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের খবর ছড়িয়ে পড়ায় রাজবাড়ীর বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় করছেন চালকেরা। অনেক পাম্পে মোটরসাইকেলে ২০০ টাকার বেশি পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন চালকেরা।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে শহরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শহরের নতুন বাজার এলাকার কাজী ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল চালকদের ২০০ টাকার বেশি পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না। প্রাইভেটকারে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৫০০ টাকার তেল।

শহরের রাজবাড়ী ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ১০০ টাকার বেশি পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না বলে জানানো হয়। তেলসংকটের কথা উল্লেখ করে কর্তৃপক্ষ বিক্রি সীমিত করেছে।

বিজ্ঞাপন

এদিকে শহরের পলাশ ফিলিং স্টেশনে দুইটি অকটেন বুথ থাকলেও একটির তেল শেষ হয়ে গেছে। অন্যটি দিয়ে সীমিত পরিসরে তেল সরবরাহ করা হচ্ছে। সংকটের খবর ছড়িয়ে পড়ার পর পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকার ও সরকারি গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। তেল নিতে চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

পলাশ ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার বৈদ্য বলেন, গত বৃহস্পতিবার (৫ মার্চ) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে তাদের জ্বালানি তেল সরবরাহ করা হয়নি। তিনি জানান, রাজবাড়ীর ৩১টি সরকারি দফতরের গাড়িতে নিয়মিত তেল সরবরাহ করতে হয় বলে তাদের চাহিদা বেশি। এর মধ্যে পেট্রোল শেষ হয়ে গেছে, অকটেনও অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে। ডিজেলের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে।

ফিলিং স্টেশন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিপোতে তেল না থাকায় তারা পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো