ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ৮ নম্বর গেটের পাশে লাগা ভয়াবহ আগুন সাড়ে ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও রাত পৌনে ৮টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। যদিও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানিয়েছেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া আনসারদের মধ্যে ২৫ জন আহত হয়ে সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া বিজিবির ২ প্লাটুন সদস্য উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে।