
জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন জুলাইযোদ্ধা আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১৭অক্টোবর) বেলা ২টার পর থেকে একে একে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতরা হলেন, সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব, লাইলি।
আহত আতিকুল গাজী জানান, তার বাসা উত্তরা এলাকায়। আজ স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদের প্রতিবাদ জানাতে তারা মানিক মিয়া এভিনিউতে এসেছিলেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে। এলোপাতাড়ি লাঠির আঘাতে আহত হন তারা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।