আচরণবিধি লঙ্ঘনসহ নানা ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এরই মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ প্রার্থী। এবারের নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে মোট ৮টি প্যানেল অংশ নিচ্ছে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।