জাবি: দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ৯ম জাকসু কেন্দ্রীয় সংসদ ও ২১ হল সংসদ নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এর পর কিছুক্ষণ বিরতি দিয়ে শুরু হবে গণনা।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল–সমর্থিত প্যানেল, ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল, স্বতন্ত্র প্রার্থীদের ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট–সমর্থিত প্যানেল ‘সংশপ্তক পর্ষদ’, প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের প্যানেল ‘সম্প্রীতির ঐক্যের’ প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা।
নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, এবার জাকসুর ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। নির্বাচনে ২১টি কেন্দ্রে ভোট দিচ্ছেন প্রায় ১২ হাজার শিক্ষার্থী। এ জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৬৭ জন পোলিং অফিসারসহ ২১ জন রিটার্নিং কর্মকর্তা।