
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর এই প্রথম মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সংঘাত নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট বলেন, ‘অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে চীন। সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়।’
মঙ্গলবার (১৭ জুন) কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট এ কথা বলেন। তিনি সেখানে দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেন।
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত প্রশমনে কাজ করতে হবে এবং চীন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ‘গঠনমূলক ভূমিকা রাখতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
উল্লেখ্য, ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন।