Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১২:০৩
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে রাজি ট্রাম্প
  • তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী
  • ইরানের হামলায় কুয়েতে নিহত ১, আহত ৩২
বিজ্ঞাপন
১৪ মার্চ ২০২৬ ১২:২৯
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। শনিবার (১৪ মার্চ) এএফপিকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।’

নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।

আল–জাজিরার খবরে বলা হয়, দূতাবাস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরাকি কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিকপ্টার অবতরণস্থলে (হেলিপ্যাড) ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের ভেতরে অবস্থিত বিশাল এই দূতাবাস প্রাঙ্গণটি এর আগেও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়।

এ হামলার বিষয়ে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
৭ মার্চ ২০২৬ ২৩:১৭
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। একই সময়ে কাতার লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরা।

আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বাহরাইনের জুফায়র এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মূলত ইরানের কেশম দ্বীপে একটি পানি শোধনাগার বা ওয়াটার প্ল্যান্টে মার্কিন হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মার্কিন ওই হামলায় অন্তত ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। তারই পালটা জবাব দিতে এবার সরাসরি মার্কিন ঘাঁটি বেছে নিয়েছে আইআরজিসি।

হামলার পরপরই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) উচ্চশব্দে সাইরেন বাজার কথা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় থেকে সাধারণ বাসিন্দাদের শান্ত থাকার এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে কাতারের সশস্ত্র বাহিনী। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

১ মার্চ ২০২৬ ২৩:০৪
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে রাজি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বর্তমান নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক এবং তিনি তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। খবর আল জাজিরা।

‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা (ইরানের নতুন নেতারা) কথা বলতে চায় এবং আমিও তাতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে আলোচনায় বসব।’

ইরানের এই উদ্যোগকে ইতিবাচক বললেও কিছুটা সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘তাদের আরও আগেই এটি করা উচিত ছিল। অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ যে বিষয়গুলো ছিল, সেগুলো তাদের আগেই মেনে নেওয়া উচিত ছিল। তারা অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছে।’

এই আলোচনা ঠিক কবে বা কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট করে কোনো মন্তব্য করেননি।

১ মার্চ ২০২৬ ২১:৫৫
তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী

তেহরান, ইরান। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে , তাদের বাহিনী ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান বাহিনী এখন তেহরানের প্রাণকেন্দ্রে নতুন এক দফার হামলা শুরু করেছে।

১ মার্চ ২০২৬ ২০:৪০
ইরানের হামলায় কুয়েতে নিহত ১, আহত ৩২

ফাইল ছবি

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, অঞ্চলের বর্তমান পরিস্থিতির (যুদ্ধাবস্থা) কারণে দেশে একজন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

১ মার্চ ২০২৬ ২০:৩৩
হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ করার কোনো উদ্দেশ্য তার দেশের নেই।

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে এই প্রণালীতে নৌ-চলাচল বিঘ্নিত হয় এমন কিছু করার কোনো পরিকল্পনাও আমাদের নেই।’

১ মার্চ ২০২৬ ১৯:১০
হরমুজ প্রণালীর কাছে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে আরও ১ জাহাজে আগুন

হরমুজ প্রণালী। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজ ‘অজ্ঞাত কোনো বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি জানায়, ওমানের উত্তরে এবং হরমুজ প্রণালীর পূর্বে অবস্থিত একটি জাহাজের ওয়াটারলাইনের (পানির সমান্তরাল অংশ) উপরের অংশে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে ইউকেএমটিও জানায়, প্রাথমিকভাবে জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগার খবর পাওয়া গেলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালীর ওমান সংলগ্ন কুমজার উপকূলে ঘটা একটি ঘটনার পর এটি দ্বিতীয় কোনো অপ্রীতিকর ঘটনা যা সংস্থাটি রিপোর্ট করল।

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলোর দাবি, হামলার শুরুতেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস-এর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহত হন।

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২
ইরানের মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৫৩

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই হামলায় এসব শিক্ষার্থী নিহত হয়। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলি ফারহাদি ইরানের রাষ্ট্রীয় পরিচালিত সংবাদ সংস্থা ইরনাকে জানান, মঙ্গলবার স্কুলটিকে লক্ষ্য করে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত ৫৩ জন নিহত এবং আরও ৬৩ জন আহত হয়েছেন।

তিনি বলেন, ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য আরও হতাহতের সন্ধানে তল্লাশি কার্যক্রম চলছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪
ইসরায়েলি হামলায় ইরানের ৫ শিক্ষার্থী নিহত

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় ৫ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে এই হামলায় এসব শিক্ষার্থী নিহত হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। সেখানে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ সময় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন।

হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ নজিরবিহীন হামলার উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাদের।

1 2