Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে এআই সেন্টার প্রতিষ্ঠা করা হবে: বানিজ্য মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের উন্নয়নে নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। কর্মসংস্থান সৃষ্টি, আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার ঘটাতে সিলেটে একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন রোজা সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ ছিল না। তবে ইতিবাচক দিক হলো, আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত।

বিজ্ঞাপন

সিলেটে কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মূল অঙ্গীকার ছিল সিলেট কেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান বাড়াতে হলে বিনিয়োগের বিকল্প নেই। বিশেষ করে সিলেটে দেশীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে কিছু বিশেষ নীতিগত সহায়তার প্রয়োজন রয়েছে। সিলেটের মানুষের জীবনমানের উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও তিনি জানান।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা গ্রহণের বিষয়েও কাজ করছি। খুব শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে।

এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বানিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো