Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের মানুষ আর নোংরা রাজনীতি সহ্য করবে না: সেলিম উদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ০৯:৫১

সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

সিলেট: বাংলাদেশের মানুষ আর নোংরা রাজনীতি সহ্য করবে না, পুরোনো ব্যর্থ ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়— এ মন্তব্য করেছেন সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জে ছাত্র ও যুবদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘এ দেশে ফ্যাসিস্ট শাসন আর ফিরে আসবে না। যারা প্যাকেট বিতরণ নিয়ে নিজেরাই মারামারি করে এবং মনোনয়ন নিয়ে নিজের দলের ভেতরেই সংঘাত তৈরি করে—তাদের হাতে দেশের সুশাসন আসতে পারে না।’

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন মহলের সঙ্গে যোগসাজশ করে দুর্নীতিবাজরা গ্যাসসহ বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা লুট করেছে। এসব দুর্নীতির দায় নিরপেক্ষভাবে তদন্ত করে মুখোশ উন্মোচন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

দায়িত্ব পালনের অঙ্গীকার জানিয়ে সেলিম উদ্দিন বলেন, ‘আমি রাজনীতি করতে আসিনি—দায়িত্ব নিতে এসেছি। আমাকে একবার সুযোগ দিন। প্রথম পাঁচ বছরে যদি আপনাদের সমস্যার সমাধান করতে ব্যর্থ হই, দ্বিতীয়বার আপনাদের দ্বারে আসব না।’

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব ও প্রশাসনিক অদক্ষতা বেড়েই চলছে; এ পরিস্থিতি থেকে উত্তরণে ‘নতুন নেতৃত্বকে সুযোগ’ দেওয়ার বিকল্প নেই। তাই সিলেট-৬ আসনের ভোটারদের ‘একবারের জন্য’ জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক (সাদেক কায়েম) বলেন, সিলেট-৬ এলাকায় দীর্ঘদিন ধরে উন্নয়ন স্থবির। “মানুষের মৌলিক সমস্যাগুলো—সড়ক, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান—কেউই সমাধান করতে পারেনি,”—যোগ করেন তিনি।

তিনি সেলিম উদ্দিনকে “ন্যায়-ইনসাফ ও জনগণের অধিকার আদায়ের প্রার্থী” হিসেবে উল্লেখ করে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লায় দেওয়ার আহ্বান জানান।

উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর ও এহতেশামুল আলম জাকারিয়ার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ও প্রবাসী কমিউনিটি নেতারা বক্তব্য রাখেন।

বাদ আসর সমাবেশ শেষে এমসি একাডেমি মাঠ থেকে সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়। মিছিলটি গোলাপগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে জামায়াত-শিবির নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো